`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের ৫ দিনের রিমান্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের ৫ দিনের রিমান্ড ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. মজিবুর রহমান ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।


রিমান্ড আবেদনে সিআইডি জানায়, ডনকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করলে সালমান শাহের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। মামলার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়েও তথ্য মিলতে পারে বলে তদন্ত সংস্থাটি মনে করছে।


এ ছাড়া বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কীভাবে এবং কার সহযোগিতায় বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন, সে বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে জানিয়েছে সিআইডি।


এর আগে গত ৯ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং পরবর্তীতে তার জামিন আবেদনও নামঞ্জুর হয়।


১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর ঘটনায় প্রথমে রমনা থানায় অপমৃত্যুর মামলা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের ২০ অক্টোবর আদালতের নির্দেশে ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। পরদিন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা করেন।


মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হকসহ আশরাফুল হক ওরফে ডন এবং কয়েকজনকে আসামি করা হয়েছে। দীর্ঘ সময় পর মামলাটি হত্যা মামলা হিসেবে নতুন করে তদন্তের আওতায় এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ