কক্সবাজার শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুইজন ছিনতাইকারী, পাঁচজন মাদকসেবী, ধর্তব্য অপরাধে একজন এবং পরোয়ানাভুক্ত একজন আসামি রয়েছেন।
পুলিশ জানায়, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বৈদ্যঘোনা এলাকার জাফরের ছেলে মো. জোবায়ের ওরফে লালু (২৪) এবং ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে মো. হেলাল হোসেন ওরফে হেলাল (২১)। হেলাল বর্তমানে কুতুবদিয়াপাড়া এলাকার কুড়ারটেকের ৪ নম্বর গলিতে বসবাস করেন। জোবায়েরের বিরুদ্ধে ২০২৫ সালের ১০ জানুয়ারি কক্সবাজার সদর থানায় একটি মামলা রয়েছে। অন্যদিকে, হেলালের বিরুদ্ধে গত ১০ অক্টোবর দায়ের করা একটি সাধারণ ডায়েরির সূত্রে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারাসংক্রান্ত বিষয় উল্লেখ রয়েছে।
গ্রেপ্তার পাঁচ মাদকসেবী হলেন কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের মাঝেরপাড়া এলাকার মঞ্জুর আলম (২১), চট্টগ্রামের সাতকানিয়ার লালদীঘির পাড় এলাকার মো. অপু (২৯), মহেশখালীর কুতুবজোম এলাকার মো. তারেক (২১), কক্সবাজার পৌরসভার পাহাড়তলী হালিমাপাড়া এলাকার মোহাম্মদ ছোপায়েত (২০) এবং ঝিলংজা ইউনিয়নের হাজীরপাড়া এলাকার মো. মাছুম (১৯)। তারেক বর্তমানে কক্সবাজার শহরের লাইটহাউজ পাড়ায় বসবাস করেন।
এ ছাড়া ধর্তব্য অপরাধে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার শাশপুর ভিয়াইন এলাকার মো. কামরুজ্জামানের ছেলে সামিনুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুলিয়াপাড়া এলাকার আবু তাহের নুরীর ছেলে মো. কোরবান আলী নুরী (২২)।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
BanglaDock