ফরিদপুরের মধুখালীতে রাস্তার পাশ থেকে তিনটি কার্টনে রাখা অজ্ঞাত এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বোয়ালিয়া এলাকায় রাস্তার পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে কার্টনগুলো থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টনগুলো জব্দ করে। পরে সেগুলো খুলে এক ব্যক্তির দেহ থেকে বিচ্ছিন্ন ছয়টি অংশ উদ্ধার করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে কার্টনবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
BanglaDock