কক্সবাজার শহরের সিটি কলেজ সংলগ্ন সাহিত্যিকাপল্লী এলাকায় একরাম (৩২) নামে এক যুবককে গুলি করে আহত করার অভিযোগে যুবলীগ নেতা আবুল মনছুর লুদুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একডজনেরও বেশি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। গুলিবিদ্ধ একরাম বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে সাহিত্যিকাপল্লী এলাকায় কয়েকজন ব্যক্তি একরামকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি চালানো হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরপরই আহত একরামের স্বজনরা কক্সবাজার সদর মডেল থানায় একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্বজনদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা আবুল মনছুর লুদুকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় সাহিত্যিকাপল্লী এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা হামলায় জড়িত সব অপরাধীকে দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রেপ্তারকৃত আবুল মনছুর লুদুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার প্রকৃত কারণ ও অন্য সহযোগীদের চিহ্নিত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
BanglaDock