শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজার জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদুর রহমান। তিনি জানিয়েছেন, জেলায় বর্তমানে কোনো ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ নেই।
রোববার (১৮ অক্টোবর) চকরিয়ার কেন্দ্রীয় হরি মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় মণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন এবং মণ্ডপ কমিটির সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া পদক্ষেপ সম্পর্কেও তাঁদের অবহিত করেন।
পরিদর্শন শেষে লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদুর রহমান গণমাধ্যমকে বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, গুজব, অপতৎপরতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা মোকাবিলায় এসআরবি-১৫ তৎপর রয়েছে। দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
BanglaDock