কক্সবাজার সদর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, ডাকাতি ও ধর্ষণসহ মোট ২৩টি মামলার পলাতক আসামি এবং সমিতিপাড়া এলাকার কুখ্যাত ডাকাত দলনেতা নুরুল কাদের ওরফে নুর কাদের (৩৭)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। তার বিরুদ্ধে আদালত থেকে জারি করা পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, নুর কাদের কক্সবাজার সদর থানার উত্তরণ এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ২৩ জুলাই রাত ১১টা ২০ মিনিটে র্যাবের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরুল কাদের কক্সবাজার সদর উপজেলার পশ্চিম কুতুবদিয়া পাড়ার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ডা. নুরুল ইসলাম ও ছকিনা বেগমের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, নুর কাদের দীর্ঘদিন ধরে সমিতিপাড়া ও আশপাশের উপকূলীয় এলাকায় ডাকাতি, অস্ত্রবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
র্যাবের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে অস্ত্র আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, দ্রুত বিচার আইন, ডাকাতি এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোট ২৩টি মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের জিরো-টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
BanglaDock