চলতি মাসের শেষ দিকে সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সরকারের ব্যবস্থাপনায় পর্যাপ্ত হামের ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবান ছাড়া দেশের বাকি জেলাগুলোতে ইতোমধ্যে প্রথম ধাপের হামের টিকা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্যসেবার অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি দেশের ২৫টিরও বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন। তাঁর অভিজ্ঞতা অনুযায়ী, গত ছয় মাসে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান আগের চেয়ে বেড়েছে এবং চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা, ড্রেনেজ ও পরিচ্ছন্নতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে চিকিৎসকদের সময়মতো আসা-যাওয়া ও সঠিক ডিউটি নিশ্চিত করা হবে। ড্রেনেজ বা পরিচ্ছন্নতার ত্রুটি থাকলে সাত দিনের মধ্যে সমাধানের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। পরে হাসপাতালের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন ও চিকিৎসাসেবার মানোন্নয়ন নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
BanglaDock