বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে দেওয়া এক বছরের পুরোনো একটি সাক্ষাৎকার নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা ও মডেল মুজাম্মিল ইব্রাহিম। বিশেষ করে, দীপিকার সঙ্গে সম্পর্ক এবং বিচ্ছেদ নিয়ে তাঁর মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক শুরু হলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি।
ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে মুজাম্মিল জানান, বর্তমানে যে সাক্ষাৎকারটি নতুন দাবি হিসেবে প্রচার করা হচ্ছে, সেটি আসলে এক বছরেরও বেশি আগে ধারণ করা হয়েছিল। তাঁর দাবি, ভাইরাল হওয়া ভিডিওগুলো একটি দীর্ঘ সাক্ষাৎকারের ছোট ছোট অংশ মাত্র। সম্পাদনার কারণে বক্তব্যের প্রেক্ষাপট এবং যে সম্মানজনক ভঙ্গিতে তিনি বিষয়গুলো তুলে ধরেছিলেন, তা অনেকটাই হারিয়ে গেছে।
মুজাম্মিল বলেন, তিনি সব সময় তাঁর অতীতের সম্পর্কগুলোর বিষয়ে সম্মান বজায় রেখে কথা বলেছেন এবং এখনো সেই অবস্থানেই আছেন। তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনের চেয়ে নিজের কাজ নিয়েই আলোচনা হোক, সেটিই তিনি চান। তাঁর ভাষায়, সততার সঙ্গে কথা বলা গুরুত্বপূর্ণ, তবে সেই সততা অবশ্যই সম্মান বজায় রেখেই হওয়া উচিত।
বিতর্কিত ওই সাক্ষাৎকারটি ২০২৫ সালের জুনে সাংবাদিক সিদ্ধার্থ কাননের ইউটিউব অনুষ্ঠানে দেওয়া হয়েছিল। সেখানে মুজাম্মিল দাবি করেন, দীপিকা পাড়ুকোনই প্রথম তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন এবং সম্পর্কটি শেষ করার সিদ্ধান্তও তাঁরই ছিল। একই সঙ্গে তিনি বলেন, দীপিকার বর্তমান সাফল্যে তাঁর কোনো হিংসা নেই; বরং তিনি অভিনেত্রীর একজন বড় ভক্ত এবং তাঁর সাফল্যে আনন্দিত।
এদিকে, পেশাগত ব্যস্ততায় সময় কাটাচ্ছেন দীপিকা পাড়ুকোন। বর্তমানে তিনি পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন সিনেমা ‘কিং’–এর শুটিং নিয়ে ব্যস্ত। ছবিটির কাজ শেষ করে মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
সূত্র: হিন্দুস্তান টাইমস
BanglaDock