দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত এবং অভিনয় জীবনের শেষ সিনেমা ‘জন নায়াগান’ (Jana Nayagan) বিশ্বব্যাপী ২৩ জুলাই মুক্তি পাচ্ছে। রাজনীতিতে পূর্ণকালীন যাত্রার আগে এটিই বিজয়ের শেষ চলচ্চিত্র হওয়ায় ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন ধরে নানা জটিলতার কারণে সিনেমাটির মুক্তি কয়েক দফা পিছিয়ে যায়। এরই মধ্যে নির্বাচনের আগে সিনেমাটির একটি এইচডি প্রিন্ট অনলাইনে ফাঁস হয়ে যায়। পরে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হলেও নির্মাতাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়।
সব বাধা পেরিয়ে মুক্তির আগেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এইচ. বিনোথ পরিচালিত অ্যাকশন-ড্রামাটি। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অগ্রিম টিকিট বিক্রির প্রথম ৪৮ ঘণ্টায় ভারতে ৬ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত শুধু অগ্রিম বুকিং থেকেই সিনেমাটি প্রায় ১৫ কোটি টাকা আয় করেছে। এছাড়া বিশ্বব্যাপী প্রথম সপ্তাহান্তের প্রি-সেল বুকিং ২৭ কোটি টাকা ছাড়িয়েছে।
জানা গেছে, বড় ধরনের প্রচারণা ছাড়াই সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সারা ভারতে প্রায় ৮ হাজার শো নির্ধারণ করা হয়েছে এবং অতিরিক্ত চাহিদার কারণে অনেক প্রেক্ষাগৃহে আগাম টিকিট বিক্রি সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
অনিরুদ্ধ রবিচন্দরের সংগীতে নির্মিত ‘জন নায়াগান’-এ থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিতা বাইজু, ববি দেওল ও প্রকাশ রাজ। চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিনেই সিনেমাটি বছরের অন্যতম সেরা ওপেনিং রেকর্ড গড়তে পারে।
BanglaDock