`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মির্জা ফখরুলই কি রাষ্ট্রপতি হচ্ছেন?

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
মির্জা ফখরুলই কি রাষ্ট্রপতি হচ্ছেন? ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে। যদিও বিএনপি বা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত রাষ্ট্রপতি পদে কোনো আনুষ্ঠানিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।


নির্বাচন কমিশন আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর থেকেই কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।


বিএনপির স্থায়ী কমিটির সাম্প্রতিক বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়নের পূর্ণ দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয়েছে। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত এখন তারেক রহমানের ওপর নির্ভর করছে।


রাজনৈতিক মহলে আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ড. খন্দকার মোশাররফ হোসেন এবং অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।


শুক্রবার রাজধানীতে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত এক সেমিনারে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের একটি বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমরা সবাই জানি, আজকের এই সেমিনারের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশের দীর্ঘদিনের একজন বর্ষীয়ান নেতা। রাজনৈতিক অঙ্গনে তার যে প্রজ্ঞা এবং সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে তার যে মিথস্ক্রিয়া, সেটা অনুকরণযোগ্য। আমি তার বাকি জীবনের উত্তরোত্তর শুভকামনা করছি।’


পরে তিনি বলেন, ‘প্রধান অতিথি হিসেবে আজকে তার সামনে কথা বলার সুযোগ পেলাম। আনুষ্ঠানিকভাবে ভবিষ্যতে পাবো কি না, সেজন্য একটু আগে আগে জানিয়ে রাখলাম।’


মন্ত্রীর এই বক্তব্যের শেষ অংশটি রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা-বিশ্লেষণের জন্ম দিয়েছে। অনেকেই এটিকে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে একটি পরোক্ষ ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে তিনি কোথাও রাষ্ট্রপতি নির্বাচন বা কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে উল্লেখ করেননি।


ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ১৪ আগস্ট যাচাই, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহার এবং ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের সদস্যদের ভোটে নির্বাচিত হন। একজন বৈধ প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায়ও নির্বাচিত হতে পারেন।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মির্জা ফখরুলকে নিয়ে আলোচনা থাকলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। ফলে কে হচ্ছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, তা জানতে রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
দেশের বাজারে ভরিতে প্রায় ১০ হাজার টাকা বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে ভরিতে প্রায় ১০ হাজার টাকা বেড়েছে স্বর্ণের দাম