বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হওয়ায় ব্রাজিল জাতীয় দলের অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করেছেন নেইমার। দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের পর সেলেসাওদের হয়ে আর না খেলার সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে জানিয়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
মঙ্গলবার (২৮ জুলাই) কোপা সুদামেরিকানায় ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারানোর পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নেইমার। সেখানেই তিনি জানান, জাতীয় দলের সঙ্গে তার যাত্রা শেষ।
নেইমার বলেন, “বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে। এখন সব শেষ। আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।”
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হারের পরই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। ওই ম্যাচে ব্রাজিলের একমাত্র গোলটি করেছিলেন তিনিই। এরপর ২০৩০ বিশ্বকাপে তার ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও সর্বশেষ বক্তব্যে সেই সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন তিনি।
২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয় নেইমারের। জাতীয় দলের হয়ে তিনি ১৩০টি ম্যাচ খেলেছেন এবং ৮০টি গোল ও ৫৯টি অ্যাসিস্ট করেছেন। এর মাধ্যমে তিনি ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন।
জাতীয় দলের হয়ে তার একমাত্র সিনিয়র শিরোপা ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ। এছাড়া ২০১৬ সালের রিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলকে নেতৃত্ব দিয়ে ব্রাজিলকে স্বর্ণপদক জেতান তিনি।
BanglaDock