`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

শেখ হাসিনা বাংলাদেশের সীমানায় প্রবেশ করলেই তাকে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।


বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


সাবেক প্রধানমন্ত্রীর সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দেশে ফেরার সম্ভাব্য ঘোষণার প্রসঙ্গ তুলে আইনি প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তবে তিনি যেভাবেই দেশে আসুন না কেন, বাংলাদেশের আইনগত এখতিয়ারে প্রবেশ করলেই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


মন্ত্রী বলেন, “তিনি কীভাবে আসবেন, সেটা তার বিষয়। কিন্তু আমাদের এখতিয়ারের মধ্যে প্রবেশ করলে আইন আমাকে যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতাই প্রয়োগ করা হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে।”


রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে এখনো সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।


তিনি আরও বলেন, সংসদের পরবর্তী অধিবেশন সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে। তাই আপাতত রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বিশেষ অধিবেশন আহ্বানের প্রয়োজনীয়তা সরকার দেখছে না। তবে প্রয়োজনে বিশেষ অধিবেশন ডাকা হতে পারে।


মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, সরকার কোনো অভিযোগ বা পর্যবেক্ষণ উপেক্ষা করবে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় দিকগুলো যাচাই-বাছাই করা হবে।


অনুষ্ঠানে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সঙ্গে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার