কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে যৌথ অভিযান চালিয়ে আটক ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অনলাইন জুয়া, মাদক সেবন ও সরকারি আদেশ অমান্যসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়।
রোববার (১৮ অক্টোবর) বেলা আড়াইটায় শুরু হওয়া এ অভিযান চলে রাত ৭টা ৫০ মিনিট পর্যন্ত। টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আওতাধীন রোহিঙ্গা ক্যাম্পগুলোতে একযোগে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১৬ এপিবিএন, কক্সবাজার জেলা পুলিশ, জেলা প্রশাসন, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ন আনসারের ৯০ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের মধ্যে ১৩ জনকে ছয় মাস করে, একজনকে চার মাস, দুজনকে তিন মাস করে এবং একজনকে এক মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া রিকল মূলে একটি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযান শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
BanglaDock