বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডারে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ৭০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আবুল কালাম (৩৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজি।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর আদর্শগ্রাম চেকপোস্টে সিএনজিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে সিএনজির সিলিন্ডার থেকে পাঁচ কাটে থাকা এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক আবুল কালাম কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বড় জামছড়ি গ্রামের আবুল কাশেমের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ইয়াবা ও সিএনজিসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং মাদক পাচার বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বিজিবি।
BanglaDock