কক্সবাজারের রামুতে চাঞ্চল্যকর সাজ্জাদ হোসেন রিমন হত্যা মামলার প্রধান আসামি মঈন উদ্দিন রায়হানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। তিনি মামলার এক নম্বর এজাহারনামীয় ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলিশিয়াপাড়া রাবার ড্যামসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রায়হান (২৪) ওই এলাকার মো. শাহ আলম ও কোহিনূর আক্তার দম্পতির ছেলে।
এসআরবি-১৫ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই রায়হান পলাতক ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থেকে আইন এড়িয়ে চলার চেষ্টা করছিলেন তিনি। গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
BanglaDock