`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

দুর্গাপূজার নিরাপত্তায় টেকনাফে বিজিবির পূজামণ্ডপ পরিদর্শন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
দুর্গাপূজার নিরাপত্তায় টেকনাফে বিজিবির পূজামণ্ডপ পরিদর্শন ছবির ক্যাপশন: দুর্গাপূজার নিরাপত্তায় টেকনাফে বিজিবির পূজামণ্ডপ পরিদর্শন।
ad728

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে টেকনাফে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবির রামু সেক্টর কমান্ডার ও টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দায়িত্বপূর্ণ এলাকার পূজামণ্ডপগুলো পরিদর্শন করে তাঁরা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।


বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনকালে পূজামণ্ডপের অবস্থান, আশপাশের পরিবেশ, প্রবেশ ও বহির্গমন পথ, দর্শনার্থীদের চলাচল এবং নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।


দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো, নিয়মিত টহল এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিজিবি। পূজারি ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে বাহিনীটি।


পরিদর্শনকালে পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের আশ্বস্ত করে বিজিবির কর্মকর্তারা জানান, ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে গুজব, উসকানি ও যেকোনো অপতৎপরতা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে নিকটস্থ বিজিবি সদস্য কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিজিবির নিরাপত্তা সহায়তা অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের ৪ নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে

দেশের ৪ নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে