কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারে ইয়াবা পাচারের সময় তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় গাড়িটি থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার জোয়ারিনালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে একটি সংঘবদ্ধ চক্র ব্যক্তিগত গাড়িতে ইয়াবার চালান নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে অভিযানে নামে অধিদপ্তরের একটি দল।
অভিযান চলাকালে কক্সবাজার থেকে আসা একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িটি আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সীমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম এলাকার উর্মি আক্তার ঊষা (১৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার পরিচিত বলে দাবি করলেও তা যাচাই করে সত্যতা পাওয়া যায়নি। পরে গাড়ি তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এ ঘটনায় উদ্ধার হওয়া ইয়াবা, ব্যবহৃত প্রাইভেট কার এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তের মাধ্যমে এ চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
BanglaDock