কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকায় ভোক্তা-অধিকার লঙ্ঘনের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টারসহ দুটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ জানান, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানকালে মূল্যতালিকায় প্রদর্শিত ফির চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া এবং ল্যাবরেটরিতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের অভিযোগে আল-শিফা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে গ্রাহককে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অভিযোগে এ বি চৌধুরী ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া মুরগি, মাংস ও মুদি দোকানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য না রাখা এবং সঠিক ওজন নিশ্চিত করতে তদারকি করা হয়। ব্যবসায়ী ও ক্রেতাদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মেনে চলার বিষয়ে সচেতন করা হয়।
অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।
BanglaDock