`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান গায়ক আবু জাহিদ অন্তুর বিরুদ্ধে ইডেন কলেজের শিক্ষার্থী ও মডেল জান্নাতুন তাজরি অরার করা যৌন নির্যাতন ও মারধরের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পায়নি পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে গত ৩১ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে অন্তুকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা। একই সঙ্গে মিথ্যা মামলা করার অভিযোগে বাদী অরার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় প্রসিকিউশন দাখিলের অনুমতি চেয়েছে পুলিশ। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আদালত।


মামলার এজাহারে অরা অভিযোগ করেন, ২০২৬ সালের ২ মে পণ্যের ফটোশুটের কথা বলে গুলশানের একটি ফ্ল্যাটে ডেকে নিয়ে তাকে যৌন নিপীড়ন ও মারধর করেন অন্তু। এ ঘটনায় ৩১ মে গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি।


তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক কে এম রাশিদুর রহমানের তদন্তে উঠে আসে, ২০২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিটার শেখার সুবাদে অন্তু ও অরার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও একপর্যায়ে বিচ্ছেদ ঘটে। তদন্তে পুলিশ জানতে পারে, অরা অন্তুকে প্রেমের প্রস্তাব দিলেও তাতে রাজি হননি এই গায়ক। পরে দুজনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।


পুলিশের তদন্ত অনুযায়ী, ২ মে ফটোশুটের প্রস্তাব পেয়ে অরা অন্তুর গুলশানের বাসায় যান। সকালে তাকে না পেয়ে বিকেলে দেখা হয় দুজনের। একপর্যায়ে বাসার অফিসকক্ষে কথা বলার সময় অন্তু নিজের ফোন চার্জে রেখে নিচে যান। তখন তার ফোনে আসা একটি কল রিসিভ করে অরা নিজেকে অন্তুর স্ত্রী বলে পরিচয় দেন। বিষয়টি জানতে পেরে অন্তু উপস্থিত সাক্ষীদের সামনে এর কারণ জানতে চাইলে অরা অপমানিত বোধ করেন বলে তদন্তে উঠে এসেছে।


তদন্ত কর্মকর্তা বাদী ও বিবাদীর কল রেকর্ড, ভবনের সিসিটিভি ফুটেজ এবং নিরপেক্ষ সাক্ষীদের বক্তব্য যাচাই করেন। এ ছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অরার শারীরিক পরীক্ষায় কোনো আঘাত বা নির্যাতনের আলামত পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগের সত্যতা না পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।


এদিকে গায়ক আবু জাহিদ অন্তু দাবি করেছেন, এ ঘটনায় তার সামাজিক ও ব্যবসায়িক ক্ষতি হয়েছে। তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ার পরও হয়রানি ও ক্ষতির দায় কে নেবে, সেই প্রশ্ন তুলেছেন তিনি। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগের পক্ষে প্রমাণ না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। মামলার পরবর্তী সিদ্ধান্ত নেবেন আদালত।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারে ডেঙ্গু আক্রান্ত ৩৮৭৯, রোহিঙ্গা শিবিরে মৃত্যু ৬

কক্সবাজারে ডেঙ্গু আক্রান্ত ৩৮৭৯, রোহিঙ্গা শিবিরে মৃত্যু ৬