নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি অভিযোগ করেছেন, পরিবারের সদস্যরা দীর্ঘদিন তাকে শুধু টাকা উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, প্রায় ৩০ বছর ধরে নানা কষ্ট সহ্য করলেও তার কষ্ট কেউ উপলব্ধি করেনি।
১৯৯৬ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পপির। প্রথম সিনেমাতেই দর্শকদের নজর কাড়েন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে শুটিং স্পটসহ বিভিন্ন জায়গায় তার সঙ্গে মাকে দেখা যেত।
সম্প্রতি মায়ের সঙ্গে পপির দূরত্বের বিষয়টি আলোচনায় আসে। পপির মা বিভিন্ন গণমাধ্যমে মেয়েকে নিয়ে অভিযোগও করেন। এর মধ্যেই নিজের পারিবারিক সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে পপি জানান, যাকে এতদিন মা হিসেবে পরিচয় দেওয়া হয়েছে, তিনি তার সৎমা। পপির ভাষ্য, ‘সৎমা কখনও আপন হয় না।’
পপি বলেন, ‘৩০ বছর কষ্ট করেছি। কখনও আমার কষ্ট তারা উপলব্ধি করেনি। আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে। তাদের চাহিদার শেষ ছিল না। যত পেয়েছে, ততই চাহিদা বাড়ত।’
তিনি আরও বলেন, ‘সৎমার সংসার থেকে যে পরিমাণে আঘাত পেয়েছি, সেই ধকল এখনও কাটিয়ে উঠতে পারিনি।’
বর্তমানে স্বামী ও সন্তান নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
BanglaDock