আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের কাছে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) করতে পারে, অথবা পুশব্যাক করতে পারে।
রোববার (১২ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। তার ভাষ্য, শেখ হাসিনা যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন, তাহলে তার নিজ উদ্যোগে বাংলাদেশে ফিরে আসার সুযোগ নেই। সেক্ষেত্রে তাকে হয় প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশের কাছে হস্তান্তর করা হতে পারে, অথবা পুশব্যাক করা হতে পারে।
রয়টার্সে প্রকাশিত শেখ হাসিনার বক্তব্যের প্রসঙ্গ টেনে মো. আমিনুল ইসলাম বলেন, তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন- এ ধরনের বক্তব্যের বাস্তবভিত্তি নেই বলে তার ধারণা। তার মতে, এ ধরনের বক্তব্যের উদ্দেশ্য দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত রাখা বা রাজনৈতিক বার্তা দেওয়া হতে পারে।
শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশ্লিষ্ট ধারায় আপিলের বিষয়ে নির্ধারিত সময়সীমার কথা উল্লেখ রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হলে বা তাকে দেশে পাওয়া গেলে আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।
BanglaDock