প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত তিন উপজেলা—হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফর করবেন। সফরকালে তিনি বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন এবং বন্যায় গৃহহারা পরিবারগুলোর কাছে নতুন বাড়ি হস্তান্তর করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এখন পর্যন্ত চূড়ান্ত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তার প্রথম চট্টগ্রাম সফর।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় প্রশাসন বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারগুলোর জন্য নতুন বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ করেছে। সফরকালে তিনি পুনর্নির্মাণ করা বাড়িগুলো উপকারভোগীদের কাছে হস্তান্তর করবেন এবং সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে ত্রাণ বিতরণ করবেন।
বাঁশখালীর পশ্চিম অংশে তার সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে সরকারি সহায়তায় পুনর্নির্মাণ করা ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি রাজনৈতিক প্রস্তুতিও শুরু হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানিয়েছেন, দলীয়ভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেছেন, দাপ্তরিকভাবে বিস্তারিত সফরসূচি এখনো পাওয়া না গেলেও প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।
BanglaDock