ফেসবুক পেজের লাইক ও ফলোয়ার বাড়াতে সরাসরি বিজ্ঞাপন দেওয়ার সুবিধা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত সপ্তাহ থেকে অনেক ব্যবহারকারীর বিজ্ঞাপন ব্যবস্থাপনায় ‘Page Likes’ লক্ষ্য দেখা গেলেও সেটি বেছে নিয়ে বিজ্ঞাপন চালানোর সুযোগ আর থাকছে না। এর পরিবর্তে স্বয়ংক্রিয়ভাবে ‘Maximize Number of Facebook Page Visits’ নামে একটি পারফরম্যান্স লক্ষ্য নির্বাচন করা হচ্ছে।
বিজ্ঞাপন তৈরির সময় সংশ্লিষ্ট অংশে ‘Page likes performance goal is no longer available’ বার্তাও দেখা যাচ্ছে। একই সঙ্গে পেজের লাইক বা ফলোয়ার বাড়াতে ‘Maximize Number of Facebook Page Visits’ লক্ষ্য ব্যবহারের কথা জানানো হচ্ছে। অর্থাৎ সরাসরি লাইক বা ফলোয়ার বাড়ানোর পরিবর্তে বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহারকারীকে সংশ্লিষ্ট পেজে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি যে ‘Page Likes’ বিজ্ঞাপন সুবিধা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এটি স্থায়ী পরিবর্তন, ধাপে ধাপে নতুন ব্যবস্থা চালুর অংশ নাকি কোনো কারিগরি সমস্যার কারণে হচ্ছে—তা এখনো নিশ্চিত নয়।
বিভিন্ন দেশের বিজ্ঞাপনদাতা ও ডিজিটাল মার্কেটিংকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা জানিয়েছেন। কারও অ্যাকাউন্টে ‘Page Likes’ অপশনটি আর কাজ করছে না, আবার কারও অ্যাকাউন্টে আগের সুবিধাটি এখনো দেখা যাচ্ছে এবং স্বাভাবিকভাবে কাজ করছে। ফলে পরিবর্তনটি সব অ্যাকাউন্টে একই সময়ে কার্যকর হয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।
নতুন ব্যবস্থায় বিজ্ঞাপন দেখার পর ব্যবহারকারীকে সরাসরি সংশ্লিষ্ট ফেসবুক পেজে নেওয়া হবে। এরপর পেজের কনটেন্ট ভালো লাগলে ব্যবহারকারী নিজের আগ্রহে সেটি লাইক বা ফলো করতে পারবেন। ইনস্টাগ্রামেও ব্যবহারকারীদের সরাসরি নির্দিষ্ট অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার লক্ষ্যকে গুরুত্ব দেওয়ার মতো একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে।
পেজ পরিচালকদের জন্য এ পরিবর্তন শেষ পর্যন্ত স্থায়ী হলে লাইক ও ফলোয়ার বাড়ানোর কৌশলেও পরিবর্তন আনতে হতে পারে। সরাসরি বিজ্ঞাপনের মাধ্যমে লাইক সংগ্রহের ওপর নির্ভরতা কমিয়ে মানসম্মত কনটেন্ট তৈরি এবং ব্যবহারকারীদের স্বাভাবিক আগ্রহ তৈরিতে বেশি গুরুত্ব দিতে হবে।
তবে মেটার আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত ফেসবুক পেজের ‘Page Likes’ বিজ্ঞাপন সুবিধা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত তথ্য এখনো নেই। আপাতত বিভিন্ন অ্যাকাউন্টে পুরোনো লক্ষ্যটি অকার্যকর বা সরিয়ে দিয়ে পেজ ভিজিট বাড়ানোর নতুন লক্ষ্য চালুর চিত্রই দেখা যাচ্ছে।
BanglaDock