দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার। ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রকল্পের অষ্টম ব্যাচের তিন মাস মেয়াদি প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।
আগামী ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে প্রশিক্ষণের অষ্টম ব্যাচ। প্রতিদিন আট ঘণ্টা করে মোট ৬০০ ঘণ্টার এ প্রশিক্ষণের জন্য কোনো ফি দিতে হবে না। সারাদেশে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
প্রশিক্ষণে আবেদন করতে হলে প্রার্থীকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। দেশের সব জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আইসিটি বা কম্পিউটার বিষয়ে মৌলিক ধারণা এবং ইংরেজিতে দক্ষ প্রার্থীরা বাছাইয়ে অগ্রাধিকার পাবেন।
প্রশিক্ষণার্থী নির্বাচনে যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের সভাপতিত্বে জেলা প্রশাসকের প্রতিনিধিসহ পাঁচ সদস্যের ভর্তি কমিটি থাকবে। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের প্রতিনিধিরা সরেজমিনে বাছাই কার্যক্রম তদারক করবেন।
প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থীদের প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা দেওয়া হবে। পাশাপাশি প্রতিদিন সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতার ব্যবস্থা থাকবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনদ দেওয়া হবে এবং পরবর্তী সময়ে আয় বৃদ্ধির কার্যক্রমে যুক্ত হতে মেন্টরিং সহায়তা দেওয়া হবে।
অনলাইনে আবেদন করার পর আবেদনের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। এসএমএসের নির্দেশনা অনুযায়ী প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে।
আবেদনের শেষ সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট। বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা ১৯ সেপ্টেম্বর এবং মৌখিক পরীক্ষা ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পরীক্ষার ফলাফল ২৩ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।
প্রশিক্ষণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যুব উন্নয়ন অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
BanglaDock