`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মার্কিন আধিপত্যের পাল্টা জবাবে ২৯ দেশের এআই জোট গড়ল চীন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2026 ইং
মার্কিন আধিপত্যের পাল্টা জবাবে ২৯ দেশের এআই জোট গড়ল চীন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় ২৯টি দেশকে নিয়ে নতুন একটি আন্তর্জাতিক জোট গঠন করেছে চীন। ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন’ (WAICO) নামে এ জোটের মাধ্যমে এআই খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক নীতিমালা প্রণয়নে সমন্বিত ভূমিকা রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


সাংহাইয়ে আয়োজিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, এআই কোনো একক দেশের সম্পদ নয়; বরং এটি আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণে ব্যবহৃত হওয়া উচিত। তিনি উন্নয়নশীল দেশগুলোর জন্য এআই প্রযুক্তিতে সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ওপেন-সোর্স প্রযুক্তির বিস্তারকে ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করেন।


চীনের নেতৃত্বে গঠিত এই জোটের ঘোষিত লক্ষ্য হলো এআই প্রযুক্তির নিরাপদ, দায়িত্বশীল ও মানবকল্যাণমুখী ব্যবহার নিশ্চিত করা, পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড ও নীতিমালা প্রণয়নে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় গড়ে তোলা। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে জাতিসংঘভিত্তিক এআই নীতিমালা প্রণয়নের ক্ষেত্রেও এ জোট প্রভাব ফেলতে পারে।


বিশ্বজুড়ে চীনা এআই মডেলের বিস্তার এবং চিপ প্রযুক্তিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের চলমান প্রতিযোগিতার প্রেক্ষাপটে এ উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র কিছুটা এগিয়ে থাকলেও, বিশাল ডেটা সেন্টার, বিরল খনিজ সম্পদ এবং বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার কারণে এআই অবকাঠামো গড়ে তুলতে চীন শক্তিশালী অবস্থানে রয়েছে।


এআই খাতে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র চীনের ওপর বিভিন্ন প্রযুক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে বেইজিং এসব পদক্ষেপকে নিজেদের প্রযুক্তিগত অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার প্রচেষ্টা হিসেবে দেখছে। এমন প্রেক্ষাপটে নতুন এআই জোটকে বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় চীনের কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।


চীনসহ এই জোটে রয়েছে আলজেরিয়া, ব্রাজিল, বেলারুশ, ক্যামেরুন, কম্বোডিয়া, কঙ্গো, কিউবা, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, কেনিয়া, কিরগিজস্তান, লাওস, লেসোথো, মালয়েশিয়া, মোজাম্বিক, মিয়ানমার, নিকারাগুয়া, ওমান, পাকিস্তান, রাশিয়া, সেনেগাল, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান, উজবেকিস্তান, ভেনেজুয়েলা ও জাম্বিয়া।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
পতেঙ্গায় চোরাইকৃত কয়লা ও গমের ভুষিসহ দুটি কাঠের বোট জব্দ

পতেঙ্গায় চোরাইকৃত কয়লা ও গমের ভুষিসহ দুটি কাঠের বোট জব্দ