কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক সেবনের অভিযোগে ছয়জন, বিভিন্ন অপরাধে চারজন এবং পরোয়ানাভুক্ত একজন রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শুভ দে (২২), রানা ধর (২৩), সুমন পাল (২৬), সজিব পাল (২৫), মৃদুল রুদ্র (৩৯) ও সুজন দাশ (৩৪)।
বিভিন্ন অপরাধে গ্রেপ্তার চারজন হলেন মো. রাসেল (২০), রবিউল হাসান (২২), মো. রাহেল সিদ্দিকী মাসকট (২৬) ও মো. নাসির হোসেন (৩০)। রাসেলের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় পেনাল কোডের ২৯০ ধারায় একটি সাধারণ ডায়েরি রয়েছে। রবিউল হাসানের বিরুদ্ধে চুরি ও চোরাই মাল রাখার অভিযোগে একটি মামলাসহ অস্ত্র আইন ও মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা থাকার তথ্য জানিয়েছে পুলিশ।
এ ছাড়া কক্সবাজার সদর থানার পরোয়ানাভুক্ত আসামি আরিফ উল্লাহ (২০) গ্রেপ্তার হয়েছেন। তিনি সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের উত্তর পেচার ঘোনা এলাকার বাসিন্দা।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
BanglaDock