কক্সবাজারের টেকনাফে মাদক পাচারের দৃশ্য দেখে ফেলার জেরে এক ব্যক্তির বসতঘরে ঢুকে গুলিবর্ষণ ও হামলার অভিযোগ উঠেছে মান্নান বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় এক শিশুসহ দুই চাচাতো ভাই আহত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকায় হাফেজ জয়নালের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলো মিনাবাজার এলাকার রাজা মিয়ার ছেলে আহমেদ নুর (১২) এবং মোস্তাকের ছেলে আরাফাত। আহমেদ নুরের পেটে গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরাফাত ছুরিকাঘাতে আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতদের চাচা হাফেজ জয়নালের ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে মোস্তাক হোয়াইক্যংয়ের মিনাবাজার সীমান্তসংলগ্ন একটি খালে জাঁকিজাল দিয়ে মাছ ধরতে যান। রাত সাড়ে ৭টার দিকে তিনি সীমান্ত পেরিয়ে মিনাবাজার এলাকার ইউসুফ আলীর দুই ছেলে মান্নান ও সালেহকে মাদকের চালান নিয়ে আসতে দেখেন বলে অভিযোগ করেন। এরপর ভয়ে তিনি বাড়িতে ফিরে আসেন।
জয়নালের দাবি, মোস্তাকের বাড়ি ফেরার খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে মান্নান ও সালেহর নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি তাঁদের বাড়িতে এসে গুলিবর্ষণ ও হামলা চালায়। এ সময় আহমেদ নুর গুলিবিদ্ধ হয় এবং আরাফাত ছুরিকাঘাতে আহত হয়।
পরিস্থিতির অবনতি হলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়। পুলিশ আসার খবর পেয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান জয়নাল।
পরে আহত দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহমেদ নুরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হাফিজ জানান, ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মিনাবাজারের এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
BanglaDock