সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কক্সবাজারের নিদানিয়া এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বার্ষিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন।
মঙ্গলবার পরিদর্শনকালে তিনি এয়ার ডিফেন্স সক্ষমতা আরও সুদৃঢ় করতে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সর্বোচ্চ অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই দিনে সেনাবাহিনী প্রধান রামু সেনানিবাসে জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সেনাসদস্যদের আবাসনসংকট নিরসনে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে নির্মিত আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১০ তলাবিশিষ্ট ‘সেনানীড়-৩’ উদ্বোধন করেন।
এ সময় সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট, ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কক্সবাজার এরিয়া কমান্ডার, সেনাসদর এবং সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
BanglaDock