কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি ক্যাম্পের ওয়াশরুম থেকে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) ভোরে ওয়াশরুমের দরজা কেটে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুবেল হোসেন (৩১) কক্সবাজারের ১৪ এপিবিএনের অধীন ইরানি পাহাড় ক্যাম্পে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
এপিবিএন সূত্র জানায়, শুক্রবার বিকেলে ক্যাম্পের রোল কলে রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। পরে সহকর্মীরা ক্যাম্পের বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন এবং মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
শনিবার ভোর প্রায় ৫টার দিকে ক্যাম্পের বাবুর্চি শরীফ ওয়াশরুমে গিয়ে দেখেন দরজাটি দীর্ঘ সময় ধরে ভেতর থেকে বন্ধ। ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তিনি ভেতরে উঁকি দিয়ে মেঝেতে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
এরপর ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন, উখিয়া থানা-পুলিশ এবং চিকিৎসকের উপস্থিতিতে ওয়াশরুমের দরজা কেটে রুবেল হোসেনকে উদ্ধার করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক বা হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে মৃত্যুর বিষয়টি ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
BanglaDock