চট্টগ্রামে আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসানসহ চার পুলিশ সদস্য এবং বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের হালিশহর ঈদগাহ এলাকার একটি কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ চলাকালে এ সংঘর্ষের সূত্রপাত হয়। ভোটকেন্দ্রে অব্যবস্থাপনা, অতিরিক্ত সময় এবং জাল ভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
সংঘর্ষের পর বিক্ষুব্ধ শ্রমিকরা নগরের গুরুত্বপূর্ণ পরিবহনকেন্দ্র কদমতলী ও অলংকার এলাকায় সড়ক অবরোধ করেন। এতে চট্টগ্রাম-ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায় এবং নগরের বিভিন্ন এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘর্ষ ও পরবর্তী হুড়োহুড়িতে আহত কয়েকজন শ্রমিক চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে আহত ওসিসহ চার পুলিশ সদস্য দামপাড়া পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
BanglaDock