কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক তিনটি অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ, যা আইস নামে পরিচিত, ২০ বোতল বিদেশি মদ এবং ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
বুধবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথের দুটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত টেকনাফ ও শাহপরী কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা টেকনাফ উপজেলার জালিয়ার দ্বীপ ও জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপ সংলগ্ন প্যারাবন ও জালিয়াপাড়া সংলগ্ন কেওড়া বনে দুটি কাঠের বোট রেখে পালিয়ে যায়। পরে বোট দুটি তল্লাশি করে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ১৪ কেজি ক্রিস্টাল মেথ ও ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, এই মাদক পাচারের সঙ্গে জড়িত কারবারি ও তাদের সহযোগীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, গত মঙ্গলবার রাত ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
জব্দ করা মাদক ও অন্যান্য আলামতের পাশাপাশি আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
BanglaDock