কক্সবাজারের টেকনাফে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিভিন্ন ধরনের ওষুধসহ তিন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। আটক ব্যক্তিদের মধ্যে দুজন মিয়ানমারের নাগরিক এবং একজন বাংলাদেশি।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার নাইট্যংপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এ সময় সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিভিন্ন ধরনের ওষুধসহ দুই মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে সাঁতার কেটে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন এবং ওই বাড়িতে অবস্থান করছিলেন। বাড়ির মালিকের নেতৃত্বে ইয়াবাসহ বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ এবং ফেরার সময় বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধভাবে ওষুধ পাচারের পরিকল্পনা ছিল তাদের।
পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির মালিক বাংলাদেশি মাদক কারবারিকেও আটক করা হয়।
জব্দ করা ইয়াবা ও ওষুধ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
BanglaDock