`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, তদন্ত কমিটি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, তদন্ত কমিটি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেশীয় অস্ত্রসহ ছাত্রদলের মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন কর্তব্যরত কয়েকজন সাংবাদিক। রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সূত্রে জানা যায়, রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকা থেকে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে শহীদ জিয়াউর রহমান হলের সামনে যায়। এ সময় মিছিলে কয়েকজনের হাতে রামদাসহ দেশীয় ধারালো অস্ত্র দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।


পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকরা অস্ত্র প্রদর্শনের দৃশ্য ভিডিও ধারণ করতে গেলে মিছিলকারীরা তাদের বাধা দেন। একপর্যায়ে কয়েকজন সাংবাদিককে শারীরিকভাবে মারধর ও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে।


সাধারণ শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারকে নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা এম আহসান হাবীবের একটি ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। এর জেরেই রাতে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল বের করা হয়েছিল বলে তারা জানান।


ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ বা হামলায় সংগঠনের কোনো নেতাকর্মী জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে ঘটনার তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। সংগঠনের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল ও মনজুরুল আলম রিয়াদকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে।


কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত শেষ করে কেন্দ্রীয় সংসদের কাছে লিখিত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা দেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম