কক্সবাজারের উখিয়ায় হত্যা মামলার দীর্ঘদিনের আত্মগোপনে থাকা এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জুলাই বিকেল ৪টা ১০ মিনিটে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১৯ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মৌলভী ইলিয়াছ (২৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইলিয়াছ উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৯-এর বাসিন্দা। তিনি একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া হত্যা, সন্ত্রাস ও অন্যান্য গুরুতর অপরাধে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
BanglaDock